আশুলিয়ার দেড় ডজন মামলার আসামি রিয়াদ মোল্লা গ্রেপ্তার

আশুলিয়া, ০৩ মার্চ – আশুলিয়ায় একাধিক হত্যা, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দেড় ডজন মামলার আসামি মো. রিয়াদ মোল্লাকে র্যাবের সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন।
গ্রেপ্তারকৃত রিয়াদ মোল্লা বাগেরহাট জেলার চিতলমারী থানার বড় বাড়িয়া এলাকার ওয়ালিয়ুর রহমানের ছেলে।
জানা যায়, হত্যা, ধর্ষণ, ডাকাতি, মাদক ব্যবসা, চাঁদাবাজি, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, জমি দখল, ছিনতাইসহ এমন কোনো অপকর্ম নেই যা তার দ্বারা সংঘটিত হয়নি। তার বিরুদ্ধে খুলনার চিতলমারী থানায় ডাকাতি, ধর্ষণ, জোড়া মার্ডার ও পুলিশ হত্যা মামলাসহ ডজন খানেক মামলা রয়েছে। র্যাবের সহায়তায় উপপরিদর্শক (এসআই) সোহেল আল মামুনের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়। রিয়াদ মোল্লার সহযোগী হিসেবে পরিচিত তার ভাই তামিম, আমির আলী, রিয়াল ও ইয়াসিনসহ সবাই এলাকার চিহ্নিত চাঁদাবাজ। তাদের সবার নামেই রয়েছে নানা অভিযোগ।
এ বিষয়ে আশুলিয়া থানার তদন্ত (ওসি) কামাল হোসেন বলেন, ‘রিয়াদ মোল্লার বিরুদ্ধে হত্যা মামলাসহ অনেকগুলো মামলা রয়েছে। আমরা তাকে কোর্টে প্রেরণ পূর্বক রিমান্ডের আবেদন করবো। তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৩ মার্চ ২০২৫









