পশ্চিমবঙ্গ

আইনি লড়াই শেষে বাংলাদেশ থেকে ফিরলেন পুশব্যাকের শিকার চার ভারতীয়

কলকাতা, ৯ জুলাই – বাংলাদেশি নাগরিক তকমা দিয়ে পুশব্যাক করা চার ভারতীয় নাগরিক দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে অবশেষে নিজ দেশে ফিরেছেন। বুধবার বাংলাদেশের সোনামসজিদ সীমান্ত পার হয়ে পশ্চিমবঙ্গের মালদহ জেলার মহদীপুর আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশ করেন।

ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে এবং স্থানীয় জেলা প্রশাসনের সহায়তায় সুইটি বিবি ও তার দুই নাবালক সন্তানসহ মোট চারজনের প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হয়। ভারতের বীরভূমের পাইকরের বাসিন্দা সুইটির পরিবার দীর্ঘ এক দশক ধরে দিল্লিতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন।

অভিযোগ রয়েছে, গত বছর বাংলাদেশি সন্দেহে সুইটি, তার সন্তান এবং প্রতিবেশী দানেশ শেখের পরিবারসহ মোট ছয়জনকে গ্রেফতার করে দিল্লির পুলিশ। পরবর্তীতে আসাম সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

বাংলাদেশে প্রবেশের পর অনুপ্রবেশের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ তাদের গ্রেফতার করে এবং তারা আদালতের নির্দেশে কারাগারে বন্দি ছিলেন। পশ্চিমবঙ্গের তৎকালীন সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে, নাগরিকত্ব যাচাই না করেই এই ব্যক্তিদের পুশব্যাক করা হয়েছে।

এই ঘটনায় আইনি লড়াই শুরু হলে বিষয়টি ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। এর আগে গত বছরের ডিসেম্বরে মানবিক কারণে সোনালী বিবি ও তার সন্তানকে মুক্তি দেয় বাংলাদেশের আদালত।

অবশিষ্ট চারজনকে ফিরিয়ে নিতে গত ২২ মে ভারত সরকার সুপ্রিম কোর্টকে সম্মতির কথা জানায়। সেই ধারাবাহিকতায় প্রায় এক বছর পর তারা নিজ ভূমিতে ফিরে আসার সুযোগ পেলেন।

এস এম/ ৯ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language