এমবাপ্পের অস্বস্তির কারণ আর্জেন্টাইন রেফারিরা

প্যারিস, ৯ জুলাই – ২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব মাঠে গড়ানোর আগেই মাঠের বাইরের উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। বোস্টন স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে গতবারের রানার্সআপ ফ্রান্স ও আফ্রিকার দল মরক্কো।
কাতার বিশ্বকাপের রোমাঞ্চকর সেমিফাইনালের স্মৃতি ফিরিয়ে আনা এই হাইভোল্টেজ ম্যাচটিকে ঘিরে ফুটবল বিশ্বে এখন নতুন বিতর্কের ঝড় বইছে। এই গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্বভার সম্পূর্ণ এক আর্জেন্টাইন রেফারি প্যানেলের হাতে তুলে দিয়েছে ফিফা। এই সিদ্ধান্ত ফরাসি শিবিরে এক প্রকার অস্বস্তি এবং ক্ষোভের সৃষ্টি করেছে।
কিলিয়ান এমবাপ্পের দলের জন্য এই সিদ্ধান্ত বিশাল এক মনস্তাত্ত্বিক পরীক্ষা হতে যাচ্ছে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা। চলতি বিশ্বকাপের অন্যতম বড় এই বিতর্কের সূত্রপাত মূলত শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার লড়াইকে কেন্দ্র করে।
সেই ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ফ্রান্সের ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার এবং তার পুরো ফরাসি রেফারিং দল। আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে সেই ম্যাচটি জিতলেও মাঠের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে তুমুল সমালোচনা হয়। অভিযোগ ওঠে যে ফরাসি রেফারির কিছু বিতর্কিত সিদ্ধান্ত বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের পক্ষে গেছে।
এর ঠিক কয়েক দিন পরই নাটকের উল্টো পিঠ দেখল ফুটবল বিশ্ব। এবার ফ্রান্সের ভাগ্য নির্ধারণের ম্যাচে দায়িত্ব পেলেন আর্জেন্টিনার রেফারিরা। ফিফার অফিসিয়াল ঘোষণা অনুযায়ী আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচের মূল রেফারির দায়িত্বে থাকবেন ফাকুন্দো তেল্লো। তাকে সহকারী রেফারি হিসেবে সহযোগিতা করবেন হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাদে।
এছাড়া চতুর্থ অফিশিয়াল হিসেবে দারিও হেরেরা এবং রিজার্ভ রেফারি হিসেবে থাকবেন ক্রিশ্চিয়ান নাভারো। চলতি বিশ্বকাপে এবারই প্রথম মাঠের প্রধান পাঁচজন অফিশিয়ালের সবাই একই দেশের নাগরিক। সাধারণত অভিজ্ঞতা এবং মাঠের পারফরম্যান্স বিবেচনা করেই রেফারি নিয়োগ দেয় ফিফা।
তবে টুর্নামেন্টের সমীকরণ অনুযায়ী আর্জেন্টিনা ও ফ্রান্স একই দিকে অবস্থান করছে। আজকের ম্যাচে ফ্রান্স জিতলে এবং অন্য ম্যাচে আর্জেন্টিনা জয়ী হলে সেমিফাইনালে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই হতে পারে।
ফলে ফ্রান্সের ম্যাচে আর্জেন্টাইন রেফারিদের উপস্থিতি স্বার্থের সংঘাত তৈরি করতে পারে বলে মনে করছেন ফরাসি সমর্থকেরা। দক্ষিণ আমেরিকার অন্যতম সেরা রেফারি ফাকুন্দো তেল্লোর ক্যারিয়ারে এটি টানা দ্বিতীয় বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচ।
এস এম/ ৯ জুলাই ২০২৬









