২০২৬ বিশ্বকাপ ফাইনালে শাকিরা-বিবার-বিটিএস: বসবে তারার মেলা

ওয়াশিংটন, ৯ জুলাই – ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ক্রীড়া উত্তেজনার পাশাপাশি দর্শকদের জন্য থাকছে এক বিশেষ চমক। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো প্রথাগত নিয়ম ভেঙে সুপার বোলের আদলে বিরতির সময়ে হাফটাইম শো আয়োজন করা হবে।
এই মেগা আসরের বিরতিতে একই মঞ্চে পারফর্ম করবেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা, জাস্টিন বিবার, ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালের প্রথমার্ধের পর ১১ মিনিটের এই জমকালো আয়োজনে পারফর্ম করবেন এই তারকারা।
ফিফা গ্লোবাল সিটিজেন শিক্ষা তহবিলের জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যেই এই বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। যেখানে নাইজেরিয়ার বার্না বয়, সুরকার গুস্তাভো দুদামেল এবং কোল্ডপ্লে ব্যান্ডের সদস্যদের সাথে পিএস বাইশ কোরাস অংশ নেবে।
এমনকি শিশুদের জনপ্রিয় অনুষ্ঠান সিসেমি স্ট্রিটের মাপেট চরিত্রগুলোকেও এই আয়োজনে দেখা যাবে। জাস্টিন বিবার এই আয়োজন প্রসঙ্গে বলেন যে ফিফা বিশ্বকাপ এমন একটি মঞ্চ যা পুরো বিশ্বকে এক সুতোয় বাঁধার ক্ষমতা রাখে। স্বাস্থ্যগত কারণে দীর্ঘ বিরতির পর এই বড় মঞ্চে বিবারের ফেরা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
এই বিশেষ শোর সৃজনশীল পরিচালনার দায়িত্বে রয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। এই অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বিশ্বজুড়ে শিশুদের শিক্ষার প্রসারে ১০ কোটি মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরা ও বার্না বয়ের গাওয়া থিম সং দাই দাই ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
এদিকে মাঠের লড়াইয়েও উত্তাপ বাড়ছে। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো এবং স্পেন লড়বে বেলজিয়ামের বিপক্ষে।
এছাড়া নরওয়ের প্রতিপক্ষ ইংল্যান্ড এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে সুইজারল্যান্ডের সাথে। সর্বোচ্চ গোলদাতার দৌড়ে এখনো শীর্ষে আছেন লিওনেল মেসি। মাঠের ফুটবল আর বিরতির সুরের মূর্ছনা মিলিয়ে এবারের বিশ্বকাপ ফাইনাল একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা হতে যাচ্ছে।
এস এম/ ৯ জুলাই ২০২৬









