মধ্যপ্রাচ্য

সকল মার্কিন ঘাঁটি তছনছ করার হুঁশিয়ারি ইরানের

তেহরান, ৯ জুলাই – ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার পাল্টা জবাব হিসেবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত চারটি প্রধান মার্কিন সামরিক ঘাঁটির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর।

বৃহস্পতিবার আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয় যে কুয়েতের আরিফজান ও আলি আল সালেম এবং বাহরাইনের জুফাইর ও শেখ ইসা নামের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এই প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে।

এসব অভিযানে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। আইআরজিসি জানিয়েছে যে সম্প্রতি মার্কিন যুদ্ধবিমানগুলো দক্ষিণ ইরানের বিভিন্ন বেসামরিক অবকাঠামো এবং উত্তর গোলস্তান প্রদেশের একটি সেতুতে হামলা চালায়। সেই আগ্রাসনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবেই এই ত্বরিত পদক্ষেপ নেওয়া হয়েছে।

আমেরিকাকে আরও কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি জানিয়েছে যে মার্কিন সামরিক বাহিনী পুনরায় আগ্রাসন চালালে ইরান আরও ধ্বংসাত্মক প্রতিক্রিয়া জানাবে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতার জানাজায় ইরাকে যে নজিরবিহীন গণজোয়ার তৈরি হয়েছে তাতে ওয়াশিংটন আতঙ্কিত হয়ে পড়েছে।

এই ঐতিহাসিক ঘটনা থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরাতেই মার্কিন প্রশাসন তাড়াহুড়ো করে হামলা চালিয়েছিল বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এস এম/ ৯ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language