দিনাজপুর

ফের নাশকতা, দুর্ঘটনা থেকে রক্ষা পেল ‘সীমান্ত এক্সপ্রেস’

দিনাজপুর, ২০ ডিসেম্বর – দিনাজপুরের বিরামপুরে রেললাইনের ওপর স্লিপার খুলে আগুন দিয়ে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকিতে পড়ে চিলাহাটি থেকে খুলনাগামী ট্রেন সীমান্ত এক্সপ্রেস। তবে, আনসার বাহিনীর ও গ্রামবাসীর প্রচেষ্টায় রক্ষা পেয়েছে ট্রেন ও ট্রেনের যাত্রীরা।

বুধবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিরামপুর রেল স্টেশনের বুকিং সহকারী ওয়াহিদুজ্জামান।

তিনি বলেন, কল্যাণপুর নামক স্থানে লাইনের ওপর কংক্রিটের স্লিপার রেখে শুকনো কচুরিপানা দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরে আনসার সদস্যরা এটি দেখতে পেয়ে ট্রেনটি থামিয়ে দেন।

এর আগে গত বৃহস্পতিবার নীলফামারীতে দুষ্কৃতিকারীরা চিলাহাটি-পার্বতীপুর রেললাইনের ফিস প্লেটের ৩২টি ক্লিপ খুলে ফেলায় ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকিতে পড়ে খুলনাগামী ট্রেন সীমান্ত এক্সপ্রেস। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী এগিয়ে এসে ধাওয়া দিলে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা।

এদিকে গত সোমবার রাতে নেত্রকোনা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস তেজগাঁও এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে নারী–শিশুসহ চারজনের মৃত্যু হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২০ ডিসেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language