দিনাজপুর

বাজারে আসতে শুরু করেছে দিনাজপুরের রসালো লিচু

দিনাজপুর, ১৯ মে – অনন্য স্বাদ ও টকটকে লাল রঙের দিনাজপুরের লিচু বাজারে উঠতে শুরু করেছে। মিষ্টি ও রসালো গুণের জন্য দিনাজপুরী লিচুর দেশব্যাপী ব্যাপক চাহিদা রয়েছে। তবে এ বছর রেকর্ড পরিমাণ মুকুল এলেও অসময়ে ঝড়ো হাওয়া, শিলাবৃষ্টি এবং তীব্র তাপদাহের কারণে ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

প্রাকৃতিক দুর্যোগের ফলে অনেক লিচু গাছ থেকে ঝরে পড়েছে এবং অতিরিক্ত গরমে লিচু ফেটে যাওয়ার ঘটনাও ঘটেছে। বাগান মালিকরা জানিয়েছেন যে এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। দিনাজপুরের বিভিন্ন জাতের লিচুর মধ্যে বেদানা, বোম্বাই, মাদ্রাজি, চায়না থ্রি, কাঁঠালি এবং মোজাফফরপুরী লিচু ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়।

বর্তমানে বাজারে সবার আগে মাদ্রাজি লিচু আসতে শুরু করেছে। এরপর পর্যায়ক্রমে কাঁঠালি, মোজাফফরপুরী ও বোম্বাই লিচু আসবে। সবার শেষে বাজারে নামবে জনপ্রিয় জাত বেদানা ও চায়না থ্রি। বর্তমানে প্রতি হাজার মাদ্রাজি লিচু পাইকারি বাজারে ৩০০০ থেকে ৩২০০ টাকায় বিক্রি হচ্ছে।

খুচরা বাজারে ১০০টি মাদ্রাজি লিচু বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকার মধ্যে। জেলার ১৩টি উপজেলাতেই কমবেশি লিচুর চাষ হয়। বিশেষ করে সদর উপজেলার মাসিমপুর, উলিপুর ও আউলিয়াপুর এবং বিরল উপজেলার মাধববাটি ও করলা এলাকায় লিচুর বড় বাগান রয়েছে।

বাগান থেকে সরাসরি লিচু কিনে ব্যবসায়ীরা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠাচ্ছেন। পরিবহনের পাশাপাশি কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও দেশজুড়ে দিনাজপুরের লিচু সরবরাহ শুরু হয়েছে। কৃষি সংশ্লিষ্টরা জানান যে লিচুর পুষ্পায়নের সময় কালবৈশাখী ও শিলাবৃষ্টির প্রভাবে প্রায় ৫০ শতাংশ ফলন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ বছর জেলায় প্রায় পাঁচ হাজার ৪৮৯ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে এবং জেলায় পাঁচ হাজারের বেশি নিবন্ধিত লিচু বাগান রয়েছে। বাগান মালিক ও ব্যবসায়ীরা আশা করছেন আগামী সপ্তাহ থেকে বাজারে লিচুর সরবরাহ আরও বৃদ্ধি পাবে।

এস এম/ ১৯ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language