ইসলামাবাদে পিমস হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৪ নবজাতকের মৃত্যু

ইসলামাবাদ, ২৬ আগস্ট – পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ জন নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে হাসপাতালটির মাদার অ্যান্ড চাইল্ড বিভাগের গাইনি ওয়ার্ডে এই আগুনের ঘটনা ঘটে।
ইসলামাবাদ প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয়, হাসপাতালের তিন তলায় অবস্থিত ওই ওয়ার্ডে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট এবং চারটি অ্যাম্বুলেন্স পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ধোঁয়া ও আগুনের তীব্রতায় শিশুদের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। উদ্ধারকারী দল শিশুদের তাৎক্ষণিকভাবে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে স্থানান্তর করলেও চিকিৎসাধীন অবস্থায় ১৪ জন শিশুর মৃত্যু হয়।
হাসপাতালের মুখপাত্র ডক্টর আনিজা জলিল জানিয়েছেন, ঘটনার সময় ওয়ার্ডটিতে মোট ১৫ জন শিশু চিকিৎসাধীন ছিল। কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা অনুযায়ী, সকাল সাতটার দিকে শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় পুরো হাসপাতাল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এস এম/ ২৬ আগস্ট ২০২৬









