ঢালিউড

হকির মাঠ মাতালেন রাজ-পরী

ঢাকা, ৩ নভেম্বর – রাজধানীর মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি হকি লিগ। বসুন্ধরা গ্রুপের স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এসিই’র পৃষ্ঠপোষকতায় ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’তে শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি হকি লিগ। দেশ-বিদেশের নামকরা খেলোয়াড়রা এ টুর্নামেন্টে অংশ নিয়েছেন। বেশ জমে ওঠেছে এই হকি লিগ।

এই আসরকে জনপ্রিয় করে তুলতে শোবিজ তারকাদের যুক্ত করেছেন আয়োজকেরা। তারই অংশ হিসেবে আজ হকির মাঠে দেখা গেল জনপ্রিয় চিত্র নায়িকা পরীমনি এবং তার জীবনসঙ্গী হালের আলোচিত নায়ক শরীফুল রাজ।

বৃহস্পতিবার প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বরিশাল এবং কুমিল্লা। দ্বিতীয় ম্যাচে লড়াই হচ্ছে ঢাকা এবং খুলনার মাঝে। এদিন সন্ধ্যায় রাজ-পরী জুটি যান মওলানা ভাসানী স্টেডিয়ামে। সেখানে গ্যালারিতে বসে তারা ম্যাচটি উপভোগ করেন।

তারকা দম্পতিকে একনজর দেখতে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। এক পর্যায়ে শরীফুল রাজ এবং পরীমনিকে হকিস্টিক হাতে মাঠে নেমে পড়তে দেখা যায়। সেখানে তারা কিছু সময় হকি খেলেন।

প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ-পরী। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে প্রথম সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। সম্প্রতি রাজের তিনটি সিনেমা বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। অন্যদিকে সন্তান জন্মদানের জন্য আপাতত কাজ থেকে দূরে আছেন পরীমনি।

আইএ/ ৩ নভেম্বর ২০২২

Back to top button
🌐 Read in Your Language