উত্তর আমেরিকা

ডোনাল্ড ট্রাম্পের দলের গভর্নরেরও ভোট পেয়েছেন বাইডেন

রেদওয়ান শাওন

ওয়াশিংটন, ৫ নভেম্বর- ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত হওয়া দুই গভর্নর এবারের নির্বাচনে ট্রাম্পকে ভোট না দিয়ে ভোট দিয়েছেন বাইডেনকে! ভোট না দেয়ার বিষয়টি প্রকাশ্যেই জানিয়েছেন এই দুই গভর্নর। ওই দুই গভর্নর হলেন ভারমন্ট অঙ্গরাজ্যের গভর্নর ফিল স্কট ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের গভর্নর চার্লি বেকার।

আন্তর্জাতিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ভারমন্টের গভর্নর স্কট ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে ভোট দিয়েছেন। বাইডেনকে ভোট দেওয়ার ব্যাখ্যাও দিয়েছেন গভর্নর স্কট। তিনি বলেন, ‘আমি দলের ওপরে দেশকে রেখেছি।’ চার বছরে ডোনাল্ড ট্রাম্প ব্যর্থ হয়েছেন বলেও মন্তব্য করেন স্কট। তিনি বলেন, দেশকে ঐক্যবদ্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্পকে চার বছর সময় দেওয়া হয়েছে। তিনি ব্যর্থ হয়েছেন। জীবনে এবারই প্রথম ডেমোক্রেটিক পার্টির কোনো প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দিয়েছেন বলে জানান স্কট। স্কট বলেন, ‘আত্মার তৃপ্তির জন্য কিছু করতেই হতো আমাকে।’

তবে ভিন্ন পথে হেঁটেছেন আরেক গভর্নর চার্লি বেকার। প্রেসিডেন্ট ব্যালটে ভোটই দেননি। তিনি বলেন, ‘আমি ব্যালট খালি রেখেছি।’ এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের সর্বশেষ তথ্য অনুযায়ী হোয়াইট হাউসের পথে ট্রাম্পের চেয়ে অনেকটা এগিয়ে গেছেন জো বাইডেন। দুই সুইং স্টেট (দোদুল্যমান অঙ্গরাজ্য) উইসকনসিন ও মিশিগানে জয় পেয়েছেন তিনি। ২০১৬ সালের নির্বাচনে এই দুই অঙ্গরাজ্যে জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

এবার মিশিগানের ১৬টি ইলেকটোরাল কলেজ ভোট ও উইসকনসিনের ১০ টি ইলেকটোরাল কলেজ পাচ্ছেন ডেমোক্র্যাট বাইডেন। এই জয়ের ফলে সব মিলিয়ে বাইডেনের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৪। আর ট্রাম্প এখন পর্যন্ত পেয়েছেন ২১৪ ভোট। মোট ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে প্রেসিডেন্ট হতে প্রয়োজন ২৭০ ভোট। সুতরাং ভোটে জিততে বাইডেনের প্রয়োজন মাত্র ৪টি ইলেকটোরাল ভোট।

সূত্র: বিডি২৪লাইভ

আর/০৮:১৪/৫ নভেম্বর

Back to top button
🌐 Read in Your Language