সংগীত

লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন ভক্তরা

মুম্বাই, ০৬ ফেব্রুয়ারি – সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য মুম্বাইয়ের শিবাজি পার্কে রাখা হয়েছে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মরদেহ। সেখানে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের হাজারো মানুষ।

রোববার স্থানীয় সময় পৌনে ৬টার দিকে নিজ বাড়ি ‘প্রভুকুঞ্জ’থেকে শিবাজি পার্কে নিয়ে যাওয়া হয় লতা মঙ্গেশকরের মরদেহ। সবার প্রিয় লতা দিদি’র মরদেহ সেখানে পৌঁছানোর আগে থেকেই তার জনপ্রিয় গানগুলো শিবাজি পার্কে বাজানো হয়।

সাধারণ মানুষের শ্রদ্ধা জানানো শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় লতা মঙ্গেশকরের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে।

লতার শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরই মধ্যে মুম্বাই পৌঁছেছেন। তার গাড়িবহর শিবাজি পার্কের দিকে রওয়ানা হয়েছে।

দীর্ঘ সাত দশক ভারতীয় উপমহাদেশের সংগীতভক্তদের সুরের মায়াজালে বেঁধে রাখা কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর রোববার চিরবিদায় নেন। তার বয়স হয়েছিলো ৯২ বছর।

করোনা আক্রান্ত হয়ে প্রায় চার সপ্তাহ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কোকিলকণ্ঠী এই শিল্পী। রোববার সকালে সেখানেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পিটিআই।

তার মৃত্যুতে ভারতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সর্বকালের অন্যতম সেরা এই সংগীত শিল্পীর সম্মানে ভারতের জাতীয় পতাকা দুই দিন অর্ধনমিত রাখা হবে।

শোক প্রকাশ করে সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আগামী ১৫ দিন রাজ্যে বাজবে লতার গাওয়া গান।

এন এইচ, ০৬ ফেব্রুয়ারি

Back to top button
🌐 Read in Your Language