সংগীত

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, স্বামীর নিরাপত্তা নিয়ে যা বললেন স্ত্রী

আসিফ আকবর ও তার স্ত্রী বেগম সালমা আসিফ

ঢাকা,২৪ অক্টোবর- সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় অক্ষত রয়েছেন এই সংগীতশিল্পী।

এদিকে, স্বামী নিরাপদে আছেন জানতে পেরে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন তার স্ত্রী বেগম সালমা আসিফ।

ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে সালমা আসিফ লেখেন, ‘ভোর ৫টার ঘটনা… আল্লাহ পাক হেফাজতের মালিক, আমিন।’ সংক্ষিপ্ত এই পোস্টের মাধ্যমে স্বামীর নিরাপত্তা নিয়ে স্বস্তি প্রকাশের পাশাপাশি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

পুলিশের তথ্য অনুযায়ী, গুলি চালানোর সময় আসিফ আকবর গাড়ির ভেতরে ছিলেন না। ফলে তার কোনো শারীরিক ক্ষতি হয়নি। তবে কে বা কারা তার গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য ছিল কি না, সেটিও এখনো স্পষ্ট নয়।

আসিফ আকবর দীর্ঘদিন ধরে সংগীতাঙ্গনে পরিচিত মুখ। ক্রিকেট অঙ্গনেও তিনি সুপরিচিত। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এদিকে, নিজের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি আসিফ আকবর। ঘটনার কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানার অপেক্ষায় রয়েছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

এস এম/ ২৪ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language