আইন-আদালত

কবিরহাট পৌরসভা নির্বাচন: ৩ ওয়ার্ডের ফলাফল স্থগিত

ঢাকা, ৩০ সেপ্টেম্বর – এক মাসের জন্য নোয়াখালীর কবিরহাট পৌরসভার তিনটি (১, ৪ ও ৮ নম্বর) ওয়ার্ডের নির্বাচনের ফলাফলের গেজেট স্থগিত করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে ৩০ দিনের মধ্যে ইভিএমে ভোট কারচুপির অভিযোগ নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকেও নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আজ রিটের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।

ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, কবিরহাট পৌরসভার নির্বাচন গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। নির্বাচনে কয়েকজন কাউন্সিলর প্রার্থী ইভিএমে ভোট কারচুপির অভিযোগ আনেন। অভিযোগে বলা হয়, ইভিএম মেশিনে শূন্য ভোট না দেখিয়েই ভোটগ্রহণ করা হয়।

নির্বাচন কমিশনে পরদিন (২১ সেপ্টেম্বর) এ অভিযোগ দায়ের করা হয়। কিন্তু নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা না নেওয়ায় হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিট দায়ের করেন আক্তারসহ পাঁচজন কাউন্সিল প্রার্থী।

নির্বাচন কমিশনকে রিটের শুনানি নিয়ে আদালত ইভিএমে ভোট কারচুপির অভিযোগ ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনটি ওয়ার্ডের ফলাফলের গেজেট স্থগিত করেছেন।

কবিরহাট পৌরসভার নির্বাচন গত ২০ সেপ্টেম্বর নোয়াখালীর অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জহিরুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/৩০ সেপ্টেম্বর ২০২১


Back to top button
🌐 Read in Your Language