রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৯৮, উদ্ধার বিপুল মাদক ও অস্ত্র

ঢাকা, ২১ আগস্ট – রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে মোট ৪৯৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মোট ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধীদের গ্রেপ্তার এবং অপরাধ দমনে এই নিয়মিত অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে রমনা বিভাগ থেকে ৩৬ জন, লালবাগ থেকে ৩১ জন, ওয়ারী থেকে ৯১ জন, মতিঝিল থেকে ৪৮ জন এবং তেজগাঁও বিভাগ থেকে ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মিরপুর বিভাগ থেকে সবচেয়ে বেশি ১৩১ জন, গুলশান থেকে ৪৫ জন, উত্তরা থেকে ৫৯ জন এবং গোয়েন্দা ও সিটিটিসি বিভাগ থেকে যথাক্রমে ৪ ও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালীন পুলিশ ২ টি দেশীয় পাইপ গান, ২ রাউন্ড কার্তুজ, ৩৯ রাউন্ড চায়না রাইফেলের গুলি এবং ১০ হাজার ২৮৭ পিস ইয়াবা উদ্ধার করেছে। একই সাথে ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭০ বোতল স্কাফ সিরাপসহ অপরাধমূলক কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অন্যান্য মালামালের মধ্যে রয়েছে ১ টি ট্রাক, ১ টি মোটরসাইকেল, ৫ টি মোবাইল ফোন এবং প্রায় ৫ লাখ টাকা মূল্যের একটি হাতঘড়ি।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
এনএন/ ২১ আগস্ট ২০২৬









