ঢালিউড

সালমান শাহ হত্যা মামলা: ডিপজল ও ডলি জহুরকে জিজ্ঞাসাবাদের দাবি নীলা চৌধুরীর

ঢাকা, ২১ আগস্ট – প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে নতুন করে সোচ্চার হয়েছেন তার মা নীলা চৌধুরী। সম্প্রতি এই মামলার অন্যতম আসামি খল অভিনেতা আশরাফুল হক ডন পুলিশের হাতে আটক হওয়ার পর নীলা চৌধুরী এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা অন্যান্যদের বিষয়েও তদন্তের দাবি তুলেছেন। বিশেষ করে অভিনেতা ডিপজল, অভিনেত্রী ডলি জহুর এবং চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি শিবা শানুকে জিজ্ঞাসাবাদের আওতায় আনার জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

গত ১০ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডন হক আটক হন। শোনা যাচ্ছে, তাকে ধরিয়ে দিতে অভিনেতা ডিপজল অগ্রণী ভূমিকা পালন করেছেন।

নীলা চৌধুরী মনে করেন, ডন সম্পর্কে ডিপজলের জানাশোনা থাকায় তাকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা উচিত। তিনি জানান, ইমন ওরফে সালমান শাহ যখন মারা যান তখন ডিপজলরা নিয়মিত কাজ করতেন এবং চলচ্চিত্র জগতের অনেক অভ্যন্তরীণ তথ্য তাদের জানা ছিল।

নীলা চৌধুরী আরও দাবি করেন যে সালমান শাহর মৃত্যুর দিন কী ঘটেছিল সে বিষয়ে অভিনেত্রী ডলি জহুর অনেক কিছু জানেন। ইতিপূর্বে গণমাধ্যমে ডলি জহুর সেসব বিষয়ে কথা বললেও তদন্তের স্বার্থে তাকে এবং পরিচালক বাদল খন্দকারকে জিজ্ঞাসাবাদ করা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

সালমানের সাবেক স্ত্রী সামিরার সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল কি না সেটিও খতিয়ে দেখার দাবি জানান তিনি।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাম্প্রতিক নির্বাচনে মামলার আসামি ডন হকের অংশগ্রহণ এবং ভোট প্রদান নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন নীলা চৌধুরী। একজন পলাতক আসামি কীভাবে এফডিসিতে এসে সবার সামনে ভোট দেন এবং নেতারা তাকে বরণ করে নেন তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তার অভিযোগ, প্রভাবশালী মহলের আশ্রয়ে থাকায় আসামিরা ধরাছোঁয়ার বাইরে থাকতে পারছে।

এই মামলার গতিপ্রকৃতির ওপর নজর রাখছে সালমান শাহ ভক্ত ঐক্যজোট। তারা সারা দেশের ৬৪ জেলায় মানববন্ধন করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে।

এদিকে নীলা চৌধুরী অভিযোগ করেছেন যে ডন ধরা পড়ার পর থেকে তার ভাই কুমকুম এবং সালমানের ভক্তদের বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ১৯৯৬ সালে সালমান শাহর রহস্যজনক মৃত্যুর ২৯ বছর পর এই মামলা নতুন মোড় নিয়েছে। গত বছর দায়ের করা এই হত্যা মামলায় সালমানের সাবেক স্ত্রী সামিরা হক ও আজিজ মোহাম্মদ ভাইসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। সালমানের পরিবার ও ভক্তদের প্রত্যাশা, এবার সব তথ্য বের হয়ে আসবে এবং দীর্ঘ প্রতীক্ষিত বিচার সম্পন্ন হবে।

এনএন/ ২১ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language