প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার কলেবর বৃদ্ধি: শপথ নিলেন নতুন ছয় সদস্য

ঢাকা, ২১ আগস্ট – প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের মন্ত্রিসভার পরিধি বাড়ানো হয়েছে। শুক্রবার নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন ছয়জন সদস্য। এদের মধ্যে চারজন পূর্ণ মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নতুন পূর্ণ মন্ত্রীদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরি। উল্লেখ্য যে, রশিদুজ্জামান মিল্লাত এর আগে থেকেই এই সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বরত ছিলেন। এ ছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা ৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন। নতুন এই অন্তর্ভুক্তির ফলে বর্তমানে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জনে। এর মধ্যে পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৮ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে আছেন ২৫ জন।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শিগগিরই নবনিযুক্ত সদস্যদের দপ্তর বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে। সূত্রের খবর অনুযায়ী, ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। এম রশিদুজ্জামান মিল্লাত পেতে পারেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব। সেক্ষেত্রে বর্তমান মন্ত্রী আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ে স্থানান্তরের সম্ভাবনা রয়েছে। আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে বর্তমান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। এ ছাড়া শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে।
চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করার সময় মন্ত্রিসভার আকার ছিল ৫০ সদস্যের। পরবর্তীতে বিভিন্ন রদবদল এবং পদত্যাগের মাধ্যমে এই সংখ্যায় পরিবর্তন আসে। গত জুন মাসে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেন এবং সর্বশেষ শুক্রবার সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদটি শূন্য হয়। নতুন এই সম্প্রসারণের মাধ্যমে সরকারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
এনএন/ ২১ আগস্ট ২০২৬









