বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, মানতে হবে ৭ শর্ত

ঢাকা, ২১ আগস্ট – বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষকদের দীর্ঘ প্রতীক্ষিত বদলির আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার বেলা ১১টা থেকে অনলাইনে এই আবেদন গ্রহণ শুরু হয় এবং তা চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত।
তবে বদলির আবেদনের ক্ষেত্রে শিক্ষকদের সাতটি নির্দিষ্ট শর্ত পরিপালন করতে হবে। এই শর্তগুলো পূরণ না হলে কোনোভাবেই আবেদন করা সম্ভব হবে না। বদলির নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করলেই এসব শর্ত ও প্রয়োজনীয় নির্দেশনাগুলো দৃশ্যমান হচ্ছে।
শর্তগুলোর মধ্যে রয়েছে, একজন শিক্ষক সর্বোচ্চ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করার সুযোগ পাবেন। নিজ বিভাগ ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে যদি নিজ জেলায় তিনটি বা তার বেশি পদ শূন্য থাকে, তবে বিভাগীয় বদলির আবেদন গ্রহণ করা হবে না। এছাড়া নিজ জেলা অথবা নিজ বিভাগ ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে বর্তমান কর্মস্থল ও নিজ জেলা একই হলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
স্বামী বা স্ত্রীর কর্মস্থল ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে বর্তমান কর্মস্থল এবং স্বামী বা স্ত্রীর কর্মস্থল একই জেলায় হওয়া চলবে না। একই নিয়ম প্রযোজ্য হবে স্পাউসের নিজ জেলা ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রেও।
চাকরির মেয়াদের বিষয়ে বলা হয়েছে, বর্তমান কর্মস্থলে অন্তত দুই বছর পূর্ণ না হলে কোনো শিক্ষক বদলির আবেদন করতে পারবেন না। পাশাপাশি যারা বদলির অযোগ্য হিসেবে বিবেচিত, তারাও এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।
সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এসপি ইন্টারন্যাশনাল জানিয়েছে, শিক্ষকেরা তাদের মোবাইলে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নির্ধারিত পোর্টালে লগইন করতে পারবেন। আবেদনের আগে প্রত্যেক শিক্ষককে তার ব্যক্তিগত তথ্য এবং যোগ্যতার বিষয়টি পুনরায় যাচাই করে নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এনএন/ ২১ আগস্ট ২০২৬









