ক্রিকেট

হ্যামিল্টনে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

হ্যামিল্টন, ২৮ মার্চ – ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। হ্যামিল্টনের সেডন পার্কের এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক দলনেতা টিম সাউদি। বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী টেলিভিশন ও টি-স্পোর্টস সরাসরি ম্যাচটি সম্প্রচার করবে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর, টি-টুয়েন্টি ফরম্যাটে ভালো করার ব্যাপারে আশাবাদি বাংলাদেশ। কারন টি-টুয়েন্টি ফরম্যাটে বড় দল-ছোট দলের মধ্যে খুব বেশি পার্থক্য থাকে না।

সিরিজ শুরুর আগে টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘ওয়ানডে ফরম্যাটে আমরা যেভাবে খেলেছি, তাতে হতাশ।’

আরও পড়ুন : মনে হয়, নিজের জুতো বেঁধে গলায় ঝুলিয়ে হেঁটে বেড়াই: মাশরাফি

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, আমাদের সামর্থ্য অনুযায়ী ওয়ানডে সিরিজে পারফরমেন্স করতে পারিনি। টি-টুয়েন্টি এমন এক ফরম্যাট যেখানে বড়-ছোট দলের মধ্যে কোন পার্থক্য নেই। কোন নির্দিষ্ট দিনে টি-টুয়েন্টি ক্রিকেটে পারফর্ম করা গুরুত্বপূর্ন, র‌্যাংকিং যাই হোক না কেন। যদি এক বা দু’জন খেলোায়াড় পারফর্ম করে এবং আমরা যদি দল হিসেবে খেলতে পারি, বোলিং-ফিল্ডিংএ ভালো করা যায়, তবে এই ফরম্যাটে আমরা যেকোন দলকে হারাতে পারবো। এটাই আমরা বিশ্বাস করি।’

এখন পর্যন্ত টি-টুয়েন্টি ক্রিকেটে ৯৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয় ৩২টি, হার ৬২টি এবং ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচ খেলে এখনো জয়হীন বাংলাদেশ।

নিউজিল্যান্ডের মাটিতে এখনো কোন ফরম্যাটেই জয় পায়নি বাংলাদেশ। এই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের ফলে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের হার এখন ২৯টি ম্যাচে (১৬টি ওয়ানডে, ৯টি টেস্ট ও ৪টি টি-টুয়েন্টি)।

বেশ কিছু নিয়মিত খেলোয়াড় ছাড়াই টি-টুয়েন্টি সিরিজ খেলতে নামবে নিউজিল্যান্ড। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন, জিমি নিশাম, মিচেল স্যান্টনার এবং টিম সেইফার্ট টি-টুয়েন্টি সিরিজের দলে নেই। আইপিএল কারণে তাদেরকে বিশ্রাম দেয়া হয়েছে। তারপরও তাদের অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। উইলিয়ামসনের পরিবর্তে দলকে নেতৃত্ব দিবেন টিম সাউদি। দলে আছেন মার্টিন গাপটিল ও ইশ সোধি।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৮ মার্চ

Back to top button
🌐 Read in Your Language