মধ্যপ্রাচ্য

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলাকারীর খবর গুজব, জানাল সৌদি কর্তৃপক্ষ

মক্কার গ্র্যান্ড মসজিদ

রিয়াদ,০২ অক্টোবর- মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলাকারীর উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে সৌদি আরবের কর্তৃপক্ষ।

তারা জানিয়েছে, ঘটনাটি আসলে গুজব। একজন ব্যক্তিকে শুধু পথচারীদের হয়রানি এবং আতঙ্ক ছড়ানোর অভিযোগে আটক করা হয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি (এএ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি নিরাপত্তা কর্তৃপক্ষ জানায়, ‘পবিত্র নগরীতে এক ব্যক্তি পথচারীদের হয়রানি এবং তাদের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছিলেন। দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে আটক করা হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এ ঘটনাকে ঘিরে যে ধরনের দাবি ছড়ানো হচ্ছে, তার কোনো সত্যতা নেই।’

তবে আটক ব্যক্তির পরিচয় বা তার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু খবরে দাবি করা হয়, বিস্ফোরক ভেস্ট পরা এক সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী ইসলামের পবিত্রতম স্থান কাবার দিকে এগিয়ে যাচ্ছিলেন। পরে নিরাপত্তা বাহিনী তাকে আটক করেছে বলেও দাবি করা হয়। তবে সৌদি কর্তৃপক্ষ এসব দাবি সম্পূর্ণভাবে নাকচ করেছে।

এস এম/ ০২ অক্টোবর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language