ফুটবল

হালান্ডের ভবিষ্যৎ নিয়ে নতুন গুঞ্জন, ডেটা বিশ্লেষণে বার্সেলোনার নাম

আর্লিং হালান্ড

অসলো, ০২ অক্টোবর- ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের ভবিষ্যৎ নিয়ে ফুটবল বিশ্বে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের পরাশক্তি ম্যানচেস্টার সিটি বর্তমানে বেশ জটিল একটি পরিস্থিতির মধ্যে রয়েছে। ক্লাবটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের করা ১১৫টি অভিযোগের মামলা এখনো ঝুলে আছে।

সম্প্রতি বিভিন্ন পরিস্থিতি পর্যালোচনা করে জানা যাচ্ছে, এর মধ্যে প্রায় ১১৪টি অভিযোগেই ক্লাবটি দোষী সাব্যস্ত হতে পারে। যদি সত্যিই এত বড় কোনো রায় আসে, তাহলে বিষয়টি শুধু বড় অঙ্কের আর্থিক জরিমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং লিগ থেকে বহিষ্কার, আগে জেতা ট্রফি কেড়ে নেওয়া কিংবা স্কোয়াডে বড় ধরনের পরিবর্তনের মতো গুরুতর পরিস্থিতিও তৈরি হতে পারে।

এমন অনিশ্চিত পরিস্থিতির মধ্যেই আর্লিং হালান্ডের ম্যানচেস্টার সিটিতে থাকা না থাকা নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। যদিও ম্যানচেস্টার সিটির সঙ্গে নরওয়েজিয়ান এই গোলমেশিনের ২০৩৪ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে। তাই স্বাভাবিক পরিস্থিতিতে তার ক্লাব ছাড়ার বিষয়টি অনেক দূরের ব্যাপার বলেই মনে হয়। তবে ক্লাবের ভবিষ্যৎ যদি বড় ধরনের পরিবর্তনের মুখে পড়ে, তাহলে পরিস্থিতিও দ্রুত বদলে যেতে পারে। আর সেই সম্ভাবনা সামনে রেখেই ফুটবলপ্রেমীদের মধ্যে এখন বড় প্রশ্ন, হালান্ড যদি সিটি ছাড়েন, তাহলে তার পরবর্তী ঠিকানা কোথায় হবে?

এই প্রশ্নের উত্তর খুঁজতে স্পোর্টস ডাটা অ্যানালিসিস প্ল্যাটফর্ম ‘সাইস্পোর্টস’ একটি বিশেষ বৈজ্ঞানিক বিশ্লেষণ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব ‘ক্লাব ফিট’ মেট্রিক ব্যবহার করে বিভিন্ন দলের সঙ্গে হালান্ডের খেলার ধরন, খাপ খাওয়ানোর সক্ষমতা ও কৌশলগত মানানসইয়ের তুলনামূলক বিশ্লেষণ করেছে। আর এই ডেটা বিশ্লেষণের ফলাফলে পাওয়া গেছে চমকপ্রদ একটি ইঙ্গিত। বিশ্ব ফুটবলের বড় ক্লাবগুলোর মধ্যে বার্সেলোনা সর্বোচ্চ ৮০ স্কোর পেয়ে তালিকার শীর্ষে রয়েছে। গবেষণার ফলাফল অনুযায়ী, নরওয়েজিয়ান এই স্ট্রাইকারের খেলার ধরন ও গুণাবলীর সঙ্গে কৌশলগতভাবে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ দল হিসেবে উঠে এসেছে কাতালান জায়ান্ট বার্সেলোনা।

তবে এই গাণিতিক ও পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণের অর্থ এমন নয় যে হালান্ড এখনই বার্সেলোনায় যোগ দিচ্ছেন কিংবা দুই পক্ষের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। ফুটবল ডেটা শুধু এটিই দেখাচ্ছে যে, বিশেষ কোনো পরিবর্তিত পরিস্থিতিতে বার্সেলোনা হালান্ডের জন্য কৌশলগতভাবে সবচেয়ে উপযুক্ত ও যুক্তিযুক্ত গন্তব্য হতে পারে।

অন্যদিকে, বার্সেলোনার নিজেদের দলীয় প্রয়োজনের দিক থেকেও সম্ভাব্য এই সমীকরণটি গুরুত্বপূর্ণ। কাতালান ক্লাবটিতে পোলিশ তারকা রবার্ট লেভানডফস্কির অধ্যায় ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে। ফলে আক্রমণভাগের প্রধান খেলোয়াড় হিসেবে নতুন ও তরুণ একজন স্ট্রাইকার খুঁজে নেওয়ার সময় ঘনিয়ে আসছে। ঠিক এই জায়গাতেই আর্লিং হালান্ড বার্সেলোনার চাহিদার সঙ্গে মিলে যান। ডি-বক্সে প্রতিপক্ষের জন্য আতঙ্ক তৈরি করা, মূল আক্রমণের নেতৃত্ব দেওয়া এবং বিশ্বমানের স্ট্রাইকার হিসেবে দলকে সামনে থেকে এগিয়ে নেওয়ার যে সক্ষমতা বার্সেলোনা খুঁজছে, তার পূর্ণ রূপ হতে পারেন আর্লিং হালান্ড।

এস এম/ ০২ অক্টোবর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language