জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করছেন ড. খলিলুর রহমান

ঢাকা, ৮ সেপ্টেম্বর – জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আজ দায়িত্ব গ্রহণ করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮১তম অধিবেশনের উদ্বোধনের মধ্য দিয়ে এক বছরের জন্য তিনি আনুষ্ঠানিকভাবে এই গুরুদায়িত্ব গ্রহণ করবেন।
বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসের জন্য এই অর্জনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ প্রায় চার দশক পর কোনো বাংলাদেশি নাগরিক বিশ্ব সংস্থার সবচেয়ে বড় বহুপক্ষীয় ফোরামের সভাপতির আসনে বসতে যাচ্ছেন। ড. খলিলুর রহমান বর্তমান সভাপতি জার্মানির আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন।
২০২৭ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত তার এই মেয়াদকাল স্থায়ী হবে। এবারের অধিবেশনের জন্য আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ শীর্ষক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। দায়িত্ব গ্রহণের প্রাক্কালে নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন খলিলুর রহমান।
এর আগে গত ২ জুন অনুষ্ঠিত নির্বাচনে ৯৯ ভোট পেয়ে তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী পেয়েছিলেন ৯১ ভোট। মূলত পাঁচটি আঞ্চলিক গ্রুপের মধ্যে পর্যায়ক্রমে সভাপতির পদটি বণ্টিত হয়। এবার এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য সংরক্ষিত পদে খলিলুর রহমান বিজয়ী হন।
এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের হুমায়ুন রশীদ চৌধুরী ৪১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ ৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই বিরল সম্মানে ভূষিত হলেন খলিলুর রহমান। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই নেতৃত্বের ফলে বৈশ্বিক রাজনীতি ও বহুপক্ষীয় কূটনীতিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।
এস এম/ ৮ সেপ্টেম্বর ২০২৬







