জাতীয়

বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর ওপর নজরদারিতে ‘স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান’ গঠনের তাগিদ জাতিসংঘের

ফলকার তুর্ক

ঢাকা, ৭ সেপ্টেম্বর – বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর কার্যক্রম তদারকির জন্য একটি শক্তিশালী এবং স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক।

সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৬৩তম অধিবেশনে বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনার সময় তিনি এই আহ্বান ব্যক্ত করেন। হাইকমিশনার বলেন, বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর কাজের ওপর যথাযথ নজরদারি নিশ্চিত করতে পারে এমন একটি কাঠামো তৈরির প্রয়োজনীয়তা আমরা বারবার বলে আসছি।

২০২৪ সালের জুলাই এবং আগস্ট মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রেক্ষিতে ফলকার তুর্কের দপ্তর ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে মোট ৪৪টি সুপারিশ করা হয়েছিল। সুপারিশগুলোর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডে স্বচ্ছতা আনতে স্বাধীন তদারকি সংস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং বেসামরিক নজরদারির মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়েছে।

এনএন/ ৭ সেপ্টেম্বর ২০২৬

Back to top button