তীব্র বিদ্যুৎ সংকটে দেশ আজ ‘পাওয়ারলেস’: জাতীয় সংসদে শফিকুর রহমান

ঢাকা, ৭ সেপ্টেম্বর – জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান বলেছেন যে তীব্র বিদ্যুৎ সংকটের কারণে দেশ বর্তমানে পাওয়ারলেস হয়ে পড়েছে। দেশের ৮০ শতাংশ গ্রামীণ মানুষের জীবন বিদ্যুতের অভাবে অতিষ্ঠ হয়ে উঠেছে উল্লেখ করে তিনি জানান, অনেক এলাকায় দিনে ১২ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না।
সোমবার জাতীয় সংসদের অধিবেশনে জ্বালানি ও গ্যাস সংকট বিষয়ক এক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শফিকুর রহমান বিদ্যুৎ খাতের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, সীতাকুণ্ড পর্যন্ত দীর্ঘ যাত্রায় তিনি প্রায় সব জায়গাতেই বিদ্যুৎহীন চিত্র দেখেছেন। একটি জাতি যখন বিদ্যুৎ সংকটে ভোগে তখন তারা সামর্থ্যহীন হয়ে পড়ে। তিনি বিদ্যুৎ ও জ্বালানি সংকট কাটাতে সরকারকে কোনো ক্রেডিট ছাড়াই বিরোধী দলের পক্ষ থেকে কারিগরি বিশেষজ্ঞ দলের সহায়তা নেওয়ার প্রস্তাব দেন। এছাড়া সংকট উত্তরণে কেবল আশ্বাসের ওপর নির্ভর না করে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ জাতির সামনে তুলে ধরার দাবি জানান তিনি।
বিরোধীদলীয় নেতা আরও অভিযোগ করেন যে সরকারের প্রতিশ্রুতি ও বাস্তব পরিস্থিতির মধ্যে বড় ধরনের অমিল রয়েছে। মিটার চার্জ ও ডিমান্ড চার্জ না নেওয়ার কথা থাকলেও তা এখনও নেওয়া হচ্ছে এবং ভুতুড়ে বিলের সমস্যাও অব্যাহত রয়েছে। বিদ্যুৎ খাতের ক্যাপাসিটি চার্জকে জনগণের অর্থ লোপাট হিসেবে বর্ণনা করে তিনি এই পরিস্থিতি থেকে উত্তরণের আহ্বান জানান।
দেশের রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, তোষামোদি রাজনীতি দেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রীর সাদামাটা জীবনযাপনের প্রশংসা করলেও তার অনুসারীদের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
শফিকুর রহমান বলেন, দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মিথ্যা তথ্য না দিয়ে বরং প্রকৃত চিত্র তুলে ধরা উচিত যাতে জনগণ মানসিকভাবে প্রস্তুত থাকতে পারে। জ্বালানি সংকট নিরসনে সরকারকে সব ধরনের সহযোগিতার প্রস্তাব দিয়ে তিনি বলেন, সব কৃতিত্ব সরকার নিক তাতে আপত্তি নেই, কেবল মানুষের সমস্যার সমাধান প্রয়োজন।
এনএন/ ৭ সেপ্টেম্বর ২০২৬







