১৭ সেপ্টেম্বর ডিজিটাল কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা, ৭ সেপ্টেম্বর – বর্তমান সরকারের অন্যতম বড় উদ্যোগ ডিজিটাল কৃষক কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আগামী ১৭ সেপ্টেম্বর। কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফেনীর ফুলগাজী উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। একই সঙ্গে দেশের ৫০টি জেলায় এই উদ্বোধনী কর্মসূচি একযোগে অনুষ্ঠিত হবে।
এই বিশেষ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে সারাদেশের প্রায় এক লাখ কৃষককে সরকারি প্রণোদনার অর্থ প্রদান করা হবে।
মন্ত্রণালয় জানিয়েছে যে এখন পর্যন্ত নিবন্ধনের আওতায় আসা ১৬ লাখ ৩০ হাজার কৃষকের মধ্যে এক লাখ কৃষকের ব্যাংক হিসাব খোলার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কৃষক কার্ড মূলত কৃষকদের একটি ডিজিটাল পরিচয়পত্র এবং কৃষি সেবা পাওয়ার সমন্বিত মাধ্যম হিসেবে কাজ করবে।
এর আগে গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে প্রি-পাইলটিং পর্যায়ে এই কার্ড বিতরণ শুরু হয়েছিল। কেবল ফসল উৎপাদনকারী কৃষকই নয় বরং মৎস্য ও প্রাণিসম্পদসহ কৃষি উৎপাদনের সঙ্গে যুক্ত বিভিন্ন শ্রেণির মানুষকে এই কার্ডের আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে কৃষকরা সার, বীজ ও কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণে সরকারি ভর্তুকি, কৃষিঋণ, সেচ সুবিধা এবং কৃষি যন্ত্রপাতির তথ্য পাবেন। এছাড়া কার্ডের কিউআর কোড ব্যবহার করে দ্রুত পরিচয় শনাক্তকরণ এবং স্বচ্ছতার সঙ্গে প্রণোদনা প্রদান নিশ্চিত করা হবে।
এই কার্ডের আওতায় ভূমিহীন ও প্রান্তিক কৃষকরা দুই হাজার ৫০০ টাকা নগদ প্রণোদনাসহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। মূলত বিশ্বব্যাংক ও ইফাদ এর অর্থায়নে পরিচালিত পার্টনার নামক একটি প্রকল্পের অধীনে এই কার্যক্রম চলছে।
সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে ৪৩ লাখ কৃষককে পর্যায়ক্রমে এই স্মার্ট কার্ডের আওতায় নিয়ে আসা হবে।
এনএন/ ৭ সেপ্টেম্বর ২০২৬







