জাতীয়

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৯৭

ঢাকা, ৭ সেপ্টেম্বর – দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৯৭ জনের মৃত্যু হলো। সব মিলিয়ে দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে সোমবার এই তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২১৬ জন রোগী ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৬৮ জন, রাজশাহীতে ৩০, সিলেটে ১৫৫, চট্টগ্রামে ২৪৯, বরিশালে ১৩৫, ময়মনসিংহে ৮৬, খুলনায় ৭৯ এবং রংপুরে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৫ হাজার ২৭০ জন রোগী চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৩১ জন।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৩০৪ জনে, যার মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৭৫৬ জন।

এনএন/ ৭ সেপ্টেম্বর ২০২৬

Back to top button