জার্মানিতে ডানপন্থীদের জয় এবং ইউরোপীয় রাজনীতিতে পরিবর্তনের আভাস

বার্লিন, ৮ সেপ্টেম্বর – জার্মানির স্যাক্সনি আনহাল্ট রাজ্যের নির্বাচনে কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি বা এএফডির বড় জয় ইউরোপের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে এই জয় কেবল একটি আঞ্চলিক ঘটনা নয় বরং এটি আগামী বছরগুলোতে পুরো মহাদেশে ডানপন্থী রাজনীতির উত্থানের আগাম ইঙ্গিত দিচ্ছে।
রোববার অনুষ্ঠিত নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে এগিয়ে গেলেও দলটি একক সংখ্যাগরিষ্ঠতা থেকে কিছুটা পিছিয়ে রয়েছে। নাৎসি আমলের ইতিহাসের কারণে জার্মানিতে কট্টর ডানপন্থার প্রতি এক ধরনের ভীতি কাজ করে। তবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অভিবাসন ইস্যুতে অসন্তোষকে কাজে লাগিয়ে এএফডি তাদের অবস্থান মজবুত করেছে।
ইউরোপবিষয়ক বিশ্লেষক মুজতবা রহমানের মতে উন্নত দেশগুলো বর্তমানে এক ধরনের রাষ্ট্রীয় ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছে। এই নির্বাচনী ফলাফল চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। তাঁর দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের তুলনায় এএফডি দ্বিগুণের বেশি ভোট পেয়েছে।
যদিও অন্য দলগুলো এএফডির সাথে জোট করতে অস্বীকৃতি জানিয়েছে। এদিকে জার্মানির এই হাওয়া ফ্রান্সকেও প্রভাবিত করতে পারে। সেখানে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে মারিন লে পেন বেশ শক্ত অবস্থানে রয়েছেন। জনমত জরিপেও তিনি এগিয়ে আছেন। স্পেন ও যুক্তরাজ্যেও ডানপন্থী দলগুলোর প্রভাব বৃদ্ধির চিত্র লক্ষ্য করা যাচ্ছে।
স্পেনের ভক্স পার্টি এবং যুক্তরাজ্যের রিফর্ম ইউকে ভোটারদের নজর কাড়ছে। তবে হাঙ্গেরিতে ভিক্তর অরবানের পরাজয় এবং ইতালিতে জর্জিয়া মেলোনির মধ্যপন্থী অবস্থান কিছুটা ভিন্ন বার্তা দেয়। শেষ পর্যন্ত মূলধারার দলগুলো অর্থনৈতিক ও সামাজিক সংকটের সমাধান দিয়ে ভোটারদের আস্থা ধরে রাখতে পারে কি না সেটিই এখন দেখার বিষয়।
এস এম/ ৮ সেপ্টেম্বর ২০২৬







