দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ও নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

ঢাকা, ৮ সেপ্টেম্বর – দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
পরিস্থিতি বিবেচনায় রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এছাড়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে দেশের আটটি বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
তবে এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নদী অববাহিকায় চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
এস এম/ ৮ সেপ্টেম্বর ২০২৬







