হরমুজ প্রণালিতে ৯৪টি বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তন করাল সেন্টকম

ওয়াশিংটন, ৮ সেপ্টেম্বর – হরমুজ প্রণালিতে গত জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত ৯৪টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। একই সময়ে তিনটি জাহাজ অচল এবং আরও দুটি জাহাজে বিশেষ অভিযান পরিচালনার কথাও জানানো হয়েছে।
সেন্টকমের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় আরও দুটি বাণিজ্যিক জাহাজকে তাদের নির্ধারিত পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর একদিন আগে পর্যন্ত জাহাজ ঘুরিয়ে দেওয়ার সংখ্যা ছিল বিরানব্বইটি। তবে অচল করে দেওয়া ও তল্লাশি চালানো জাহাজের সংখ্যা বর্তমানে অপরিবর্তিত রয়েছে।
ইরানের বন্দরগুলোকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবরোধ পুনর্বহালের পর থেকেই এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে বলে ওয়াশিংটন জানিয়েছে। এই অবরোধের মূল লক্ষ্য হলো ইরানের রপ্তানি বিশেষ করে তেল বিক্রির পথ সীমিত করা। যুক্তরাষ্ট্রের ধারণা ইরানের তেল রপ্তানি কমিয়ে দেশটির অর্থনীতির ওপর চাপ তৈরি করা গেলে তেহরানকে ওয়াশিংটনের দাবিগুলো মেনে নিতে বাধ্য করা যাবে।
তবে মার্কিন চাপের মুখে ইরানও নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছে। ফলে হরমুজ প্রণালিকে ঘিরে সামরিক ও অর্থনৈতিক চাপের পাশাপাশি কূটনৈতিক অচলাবস্থাও গভীর হচ্ছে। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক রস হ্যারিসনের মতে, বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার কোনো কার্যকর পথ তৈরি হয়নি।
তাঁর মতে দুই পক্ষই এখন আলোচনার টেবিলের চেয়ে মাঠের চাপকে বেশি কার্যকর মনে করছে। তিনি আরও জানান যে ওয়াশিংটন সামরিক পদক্ষেপের তুলনায় বর্তমানে অর্থনৈতিক চাপকে বেশি গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে তেহরান মনে করছে সংঘাতের গতিপথ নির্ধারণে তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত। দুই পক্ষের অবস্থানের পরিবর্তন না হলে আগামী দিনগুলোতে প্রকৃত আলোচনার সম্ভাবনা কম বলেও মনে করছেন তিনি।
এস এম/ ৮ সেপ্টেম্বর ২০২৬







