ইউরোপ

খারকিভে ১৭০০ ইউক্রেনীয় সেনাকে ঘিরে ফেলেছে রুশ বাহিনী

রুশ বাহিনী

মস্কো, ৮ সেপ্টেম্বর – খারকিভ অঞ্চলের উত্তরে রুশ বাহিনীর অভিযানে প্রায় ১৭০০ ইউক্রেনীয় সেনা অবরুদ্ধ হয়ে পড়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম স্পুটনিক এই তথ্য নিশ্চিত করেছে। বর্তমানে ইউক্রেনীয় সেনাদের পিছু হটার বা নতুন করে সহায়তা পৌঁছানোর সব পথ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, রুশ সেভের বা উত্তর ব্যাটলগ্রুপের ইউনিটগুলো ভারভারোভকা, মালায়া ভলচিয়া, নেফেদোভকা ও চেরনোয়ে এলাকায় এই অভিযান পরিচালনা করছে। রুশ বাহিনীর দাবি অনুযায়ী, অবরুদ্ধ অবস্থান থেকে বেরিয়ে আসার কোনো কার্যকর প্রচেষ্টা এখন পর্যন্ত ইউক্রেনীয় পক্ষ থেকে দেখা যায়নি।

গত ২৪ ঘণ্টার সামরিক অভিযানে এই ফ্রন্টে ৪০ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। এছাড়া একটি সাঁজোয়া যান ও বেশ কিছু যানবাহন ধ্বংসের দাবি করেছে রাশিয়া। এদিকে যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকভ ও জ্যারেড কুশনার সম্প্রতি মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন।

তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠককে গঠনমূলক বলে অভিহিত করেছে ক্রেমলিন। মার্কিন প্রতিনিধিদের এই সফরের প্রেক্ষিতে ইউক্রেনে তিন দিনের জন্য হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন পুতিন।

এস এম/ ৮ সেপ্টেম্বর ২০২৬

Back to top button