ইরানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ: তুরস্কের ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আঙ্কারা, ৬ সেপ্টেম্বর – ইরানের সঙ্গে সংশ্লিষ্টতা এবং আর্থিক লেনদেনে সহায়তার অভিযোগে তুরস্কের একটি ব্যাংক ও এর দুটি অঙ্গপ্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রণালয় গোল্ডেন গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংকের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা দেয়।
অভিযোগ অনুযায়ী, ব্যাংকটি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের কুদস ফোর্সের হয়ে কয়েক কোটি ডলারের লেনদেনে সহায়তা করেছে এবং ইরান সরকারকে আন্তর্জাতিকভাবে অর্থ স্থানান্তরের সুবিধা প্রদান করেছে। মার্কিন ট্রেজারি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সোনা ও নগদ অর্থ ব্যবহার করে চীন থেকে তুরস্কে ইরানের তেল বিক্রির অর্থ সরিয়ে নিতে ব্যাংকটি সহায়তা করেছে।
মূলত ইরানের ছায়া ব্যাংকিং ব্যবস্থা বা রাহবার নেটওয়ার্ককে টিকিয়ে রাখতেই এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছিল বলে দাবি ওয়াশিংটনের। এই নিষেধাজ্ঞার ফলে গোল্ডেন গ্লোবাল ব্যাংক ও এর অঙ্গপ্রতিষ্ঠানগুলো মার্কিন আর্থিক ব্যবস্থায় আর কোনো লেনদেন করতে পারবে না। তবে গোল্ডেন গ্লোবাল ব্যাংক এই অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে।
শুক্রবার এক বিবৃতিতে তারা জানায়, ব্যাংকটি স্থানীয় ও আন্তর্জাতিক সব ধরনের ব্যাংকিং নিয়ম মেনেই কাজ করছে। যুক্তরাষ্ট্রের অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ নেই এবং ওএফএসি যাদের নাম উল্লেখ করেছে তারা কখনোই গোল্ডেন গ্লোবালের গ্রাহক ছিল না।
ব্যাংকটি এই সিদ্ধান্তের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণাও দিয়েছে। এদিকে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক এই পদক্ষেপ সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান যে, এটি একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের আচরণের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ এবং এর মাধ্যমে পুরো তুরস্কের আর্থিক ব্যবস্থার সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন তোলা হচ্ছে না।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও এই পদক্ষেপকে অপারেশন ইকোনমিক আউটকাস্ট এর অংশ হিসেবে উল্লেখ করেছেন। তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বজায় রাখতে যুক্তরাষ্ট্র গত সপ্তাহেই মিসরের একটি ব্যাংকের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নিয়েছিল।
এস এম/ ৬ সেপ্টেম্বর ২০২৬







