জাতীয়
রাজধানীর বাড্ডায় ফার্নিচারের গুদামের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা, ৬ সেপ্টেম্বর – রাজধানীর বাড্ডায় একটি ফার্নিচারের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। রবিবার সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস সূত্র নিশ্চিত করেছে। এর আগে এদিন সকাল পৌনে ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সকাল ৮টা ৫৫ মিনিটে আগুনের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনতে আরও দুটি ইউনিট রওনা দিলেও সেগুলো পৌঁছানোর আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।
তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা বর্তমানে সেখানে ডাম্পিংয়ের কাজ করছেন বলে জানা গেছে।
এস এম/ ৬ সেপ্টেম্বর ২০২৬







