জাতীয়

পরিচয় গোপন করে অপকর্মকারীরাই সবচেয়ে বড় গুপ্ত: ডা. শফিকুর রহমান

চট্টগ্রামে ডা. শফিকুর রহমান

চট্টগ্রাম, ৫ সেপ্টেম্বর – বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা নিজেদের প্রকৃত পরিচয় গোপন করে বিভিন্ন অপকর্ম ও দুর্নীতিতে লিপ্ত হয়, তারাই মূলত সবচেয়ে বড় গুপ্ত।

চট্টগ্রামে ১১ দলীয় জোটের লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। শনিবার রাতে নগরের ঐতিহাসিক লালদিঘী ময়দানে এই সমাবেশের আয়োজন করা হয়।

সম্প্রতি ঢাকা বিমানবন্দরে এক প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা উল্লেখ করে জামায়াত আমির বলেন, ছিনতাইকারীরা শুরুতে নিজেদের আওয়ামী লীগের লোক হিসেবে পরিচয় দিলেও পরে তারা বিএনপির কর্মী হিসেবে শনাক্ত হয়েছে। তিনি বলেন, যে নিজের পরিচয় গোপন করে অপরাধ করে, সে দেশ ও জাতির জন্য ক্ষতিকর।

ডা. শফিকুর রহমান বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, মানুষ এক বুক আশা নিয়ে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু আজ দেশে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটে জনজীবন বিপর্যস্ত। বিদ্যুতের অনুপস্থিতিতেও অস্বাভাবিক বিল পরিশোধ করতে হচ্ছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, অনির্বাচিত প্রশাসকদের মাধ্যমে দেশ পরিচালনা করা হচ্ছে যা ফ্যাসিবাদের নামান্তর।

চট্টগ্রামের মেয়রের পদের উদাহরণ টেনে তিনি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার দাবি জানান।

তিনি সতর্ক করে বলেন, বিরোধী দলগুলো জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

সমাবেশে গত ১৫ বছরের সকল গুম, খুন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদের সভাপতিত্বে সমাবেশে জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এনএন/ ৫ সেপ্টেম্বর ২০২৬

Back to top button