নেপালের বন্যায় ৫ লাখ ডলারের সহায়তা ঘোষণা করল যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, ২৭ আগস্ট – নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ৫ লাখ মার্কিন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে যে, ক্যাথলিক রিলিফ সার্ভিসেসের মাধ্যমে বৈশ্বিক সহায়তা কর্মসূচির আওতায় এই অর্থ প্রদান করা হবে।
এই তহবিলের মাধ্যমে দুর্গতদের জন্য জরুরি আশ্রয়কেন্দ্র নির্মাণ, ত্রাণসামগ্রী বিতরণ এবং পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে যে, তারা নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে বিশেষজ্ঞ সহায়তা দিতে দুর্যোগ মোকাবিলা বিষয়ক একজন পরামর্শককে সংশ্লিষ্ট অঞ্চলে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে দেশটি।
এদিকে কাঠমান্ডুতে অবস্থিত মার্কিন দূতাবাস দুর্গত এলাকায় অবস্থানরত নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় সমন্বয় চালিয়ে যাচ্ছে। বন্যায় আক্রান্ত মার্কিন নাগরিকদের স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলতে এবং নিরাপত্তার স্বার্থে নিয়মিত সংবাদমাধ্যম অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া জরুরি ও নিরাপত্তাবিষয়ক তথ্য পেতে মার্কিন নাগরিকদের স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে নিবন্ধনের অনুরোধ জানানো হয়েছে। বিদেশে থাকা পরিবারের সদস্যদের তথ্য জানতে আগ্রহী মার্কিন নাগরিকদের জন্য পররাষ্ট্র দপ্তর বিশেষ হেল্পলাইন চালু করেছে।
এস এম/ ২৭ আগস্ট ২০২৬









