ঢালিউড

সালমান শাহ হত্যা মামলা: খল অভিনেতা ডনের জামিন আবেদন নাকচ

ঢাকা, ১২ আগস্ট – চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতারকৃত খল অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এই আদেশ প্রদান করেন।

আদালতে আসামি পক্ষের আইনজীবী তরিকুল ইসলাম জুয়েল জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এই জামিন আবেদনের বিরোধিতা করেন। জামিন আবেদনে উল্লেখ করা হয় যে আসামি ডনের বিরুদ্ধে এজাহারে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই এবং তিনি কথিত ঘটনার সাথে জড়িত ছিলেন না।

এর আগে গত ৯ আগস্ট ভোরে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে এবং পরে সিআইডি তাকে গ্রেফতার করে।

এরপর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরিফুর রহমান তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছিলেন। উল্লেখ্য যে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। শুরুতে এটিকে আত্মহত্যা বলা হলেও পরবর্তী সময়ে এটি হত্যা মামলায় রূপ নেয়।

২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এই মামলার অন্য আসামিরা হলেন সামিরা হক, লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

এস এম/ ১২ আগস্ট ২০২৬


Back to top button