কানাডার চলচ্চিত্র উৎসবে ‘রইদ’-এর তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি

ঢাকা, ০৪ অক্টোবর-কানাডার ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ১২তম আসরে সাফল্য পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘রইদ’। উৎসবটিতে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি একসঙ্গে তিনটি পুরস্কার জিতেছে।
‘রইদ’-এর ‘সাদুর বউ’ চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নাজিফা তুষি। একই সঙ্গে সিনেমাটি সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা সংগীত বিভাগেও পুরস্কার পেয়েছে।
একসঙ্গে তিনটি পুরস্কার জেতার খবরে উচ্ছ্বসিত সিনেমাটির নির্মাতা ও কলাকুশলীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রইদ’-এর সঙ্গে যুক্ত শিল্পী ও নির্মাতারা নিজেদের আনন্দের কথা জানিয়েছেন।
কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব হিসেবে পরিচিত ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। দক্ষিণ এশিয়ার চলচ্চিত্রের জন্যও উৎসবটি আন্তর্জাতিক দর্শক ও নির্মাতাদের কাছে নিজেদের কাজ তুলে ধরার গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।
এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে নেপালের সিনেমা ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। সিনেমাটি এর আগে কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে জুরি পুরস্কারও পেয়েছিল।
এর আগে ‘রইদ’ নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয়। বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও সিনেমাটি প্রদর্শিত হয়েছে।
এ বছর অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্যও ‘রইদ’ নির্বাচিত হয়েছে। ফলে আন্তর্জাতিক অঙ্গনে সিনেমাটির যাত্রায় নতুন মাত্রা যোগ হয়েছে।
গ্রামীণ বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত ‘রইদ’-এ অ্যাডাম-ইভের পৌরাণিক গল্পের আশ্রয়ে একটি রহস্যময় উপাখ্যান তুলে ধরেছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। সিনেমাটিতে নাজিফা তুষী ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ অনেকে।
এস এম/ ০৪ অক্টোবর ২০২৬







