ইউক্রেনে হামলা বাতিল করল ইরান, কিয়েভের ক্ষমা প্রার্থনার দাবি

তেহরান, ৪ আগস্ট – ইউক্রেনের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে হামলার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার পরও শেষ মুহূর্তে তা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি এই তথ্য জানিয়েছেন।
রেজায়ির দাবি অনুযায়ী ইউক্রেন সরকার আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার পর তেহরান তাদের সামরিক অভিযান থেকে সরে দাঁড়িয়েছে। গত সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে রেজায়ি বলেন যে ইরানের সশস্ত্র বাহিনী ইউক্রেনের ওপর সম্ভাব্য হামলার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছিল।
তবে কিয়েভের পক্ষ থেকে ভুল স্বীকার এবং ক্ষমা প্রার্থনার পর পরিকল্পিত অভিযানটি স্থগিত করা হয়। যদিও এই দাবির সপক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি। ঘটনার সূত্রপাত গত ২৫ জুলাই যখন কাস্পিয়ান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেন হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
ওই হামলায় ইরানের একজন নাবিক প্রাণ হারান বলে তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে। পরবর্তী সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহার সঙ্গে ফোনালাপে ওই হামলার জন্য তীব্র প্রতিবাদ জানান এবং যথাযথ ক্ষতিপূরণ দাবি করেন।
রাশিয়ার পক্ষ থেকেও এই ঘটনাকে ইরানের ওপর ইউক্রেনের হামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছেন যে বাণিজ্যিক জাহাজে এই আক্রমণকে অনিচ্ছাকৃত বলার কোনো সুযোগ নেই এবং কিয়েভকে এর দায় স্বীকার করতে হবে। তিনি আরও হুঁশিয়ারি দেন যে এই ঘটনাটি জাতিসংঘের সনদের চরম লঙ্ঘন এবং তেহরান এর জবাব না দিয়ে ছাড়বে না।
এস এম/ ৪ আগস্ট ২০২৬









