দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ফসফরাস বোমা নিক্ষেপ

বৈরুত, ৩ আগস্ট – দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের সেনাবাহিনী ফসফরাস বোমা নিক্ষেপ করেছে। সোমবার লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। সংবাদ সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়েছে যে নাবাতিয়েহ গভর্নরেটের ইয়ারুন ও আরনুন শহর এবং বিন্ত জুবাইল এলাকার জলপাই ও পাইন বাগানে এই বোমাগুলো ফেলা হয়েছে।
এর ফলে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। একই সময়ে নাবাতিয়েহর নিকটবর্তী আলি আল তাহের পাহাড় এলাকায় ইসরায়েলি বাহিনী দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলেও জানা গেছে। এছাড়া টায়ার শহরের বাইত আল সাইয়াদ এলাকায় একটি ইসরায়েলি ড্রোন থেকে স্টান গ্রেনেড নিক্ষেপের দাবি করেছে এনএনএ।
অন্যদিকে দক্ষিণ লেবাননে তাদের ৪০১তম ব্রিগেডের দীর্ঘ আট মাসব্যাপী অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার প্রকাশিত এক বিবৃতিতে তারা জানায় যে ৯১তম ডিভিশনের অধীনে এই ব্রিগেডটি সীমান্তজুড়ে বিভিন্ন প্রতিরক্ষামূলক ও সামরিক অভিযান পরিচালনা করেছে।
সরায়েলের দাবি এই অভিযানের সময় তারা হিজবুল্লাহর ১ হাজার ২০০টিরও বেশি স্থাপনা এবং শত শত মিটার দীর্ঘ ভূগর্ভস্থ সুড়ঙ্গ ধ্বংস করেছে। এছাড়া অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার ও ৬০ জনের বেশি হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে সেনাবাহিনী।
এস এম/ ৩ আগস্ট ২০২৬









