মধ্যপ্রাচ্য

সৌদি আরবের ওপর হুথিদের নৌ-অবরোধের হুমকির তীব্র নিন্দা জানাল আমিরাত

আবুধাবি, ২২ জুলাই – সৌদি আরবের ওপর সামুদ্রিক বা নৌ-অবরোধ আরোপের বিষয়ে হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হুমকির তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলেছে, এই ধরনের পদক্ষেপ লোহিত সাগরে মুক্ত নৌ-চলাচলকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে।

বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবগুলো বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে এবং সৌদি আরবের প্রতি আরব আমিরাতের পূর্ণ সংহতি প্রকাশ করা হয়েছে। ইয়েমেনের চলমান উত্তেজনা প্রসঙ্গে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে যে তাদের বাহিনী সানা বিমানবন্দরের রানওয়েতে হামলা চালিয়ে একটি ইরানি বিমান অবতরণ প্রতিহত করেছে।

তবে হুথিরা এই হামলার দায় সৌদি আরবের ওপর চাপিয়ে পাল্টা জবাব হিসেবে সৌদির আবহা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর পাশাপাশি হুথিরা সৌদি আরবের জাহাজ চলাচলের ওপর অবিলম্বে অবরোধ কার্যকর করার ঘোষণা দেয়।

তাদের দাবি অনুযায়ী এটি ইয়েমেনের ওপর সৌদি আরবের আরোপিত স্থল এবং জল ও আকাশপথের অবরোধের একটি পাল্টা জবাব। হুথি গোষ্ঠীটি এই নীতিকে অবরোধের বদলে অবরোধ হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে সৌদি আরব হুথিদের এসব অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে যে ২০২৬ সালের প্রথমার্ধেই খাদ্য ও জ্বালানিসহ বিভিন্ন পণ্যবাহী ৩০০টিরও বেশি জাহাজ হুথি নিয়ন্ত্রিত বন্দরগুলোতে প্রবেশ করেছে।

সৌদি নেতৃত্বাধীন জোট এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে এবং বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু করেছে।

উল্লেখ্য যে বাব আল-মান্দেব প্রণালি লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করেছে যা সৌদি আরবের তেল রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত।

এস এম/ ২২ জুলাই ২০২৬


Back to top button