মধ্যপ্রাচ্য

ইরানে মার্কিন হামলায় নিহত অন্তত ৫০: বিশ্বজুড়ে জ্বালানি সংকটের হুঁশিয়ারি তেহরানের

তেহরান, ১৮ জুলাই – যুদ্ধ বন্ধের লক্ষ্যে সম্পাদিত চুক্তির কয়েক সপ্তাহের মধ্যেই আবারো তীব্র সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে শুরু হওয়া এই উত্তেজনার জেরে ইরানে মার্কিন হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন।

ইরান এই হামলার পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে তেহরানের ওপর সামরিক বা অর্থনৈতিক চাপ প্রয়োগ করা হলে বিশ্বজুড়ে জ্বালানি খাতে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ৬ জুলাই থেকে শুরু হওয়া মার্কিন হামলায় কমপক্ষে ৫০ জনের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন ৫০০ জনের বেশি মানুষ।

মূলত হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজে ইরানের পক্ষ থেকে গুলি চালানোর পর যুক্তরাষ্ট্র নতুন করে এই আক্রমণ শুরু করে। মার্কিন বাহিনী ইরানের দক্ষিণ উপকূলকে প্রধান লক্ষ্যবস্তু করলেও দেশের অন্যান্য অংশেও আঘাত হেনেছে বলে জানা গেছে। এদিকে মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তেহরান।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের প্রধান কমান্ডারের মুখপাত্র হামিদ রেজা মোকাদ্দামফার হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে সমুদ্রপথ ও অর্থনৈতিকভাবে তেহরানের ওপর সামরিক চাপের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। এই সংকটের প্রভাব বিশ্ব অর্থনীতি ও জ্বালানি খাতে ছড়িয়ে পড়বে যার ধাক্কা সামলাতে হবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোকেও।

ইরানি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া সাক্ষাৎকারে মোকাদ্দামফার আরও জানান যে আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে হরমুজ প্রণালি এবং বাব আল মান্দেব অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি কৌশলগত পথ। বৈশ্বিক জ্বালানি বাণিজ্য এবং নিরাপত্তার ভারসাম্য রক্ষায় এই পথগুলোর প্রভাব অনস্বীকার্য বলে তিনি উল্লেখ করেন।

এস এম/ ১৮ জুলাই ২০২৬

Back to top button