সম্পাদকের পাতা

স্কারবরো সাউথওয়েস্টে পিসির মনোনয়ন পেলেন ডা. তরুন

নজরুল মিন্টো

স্কারবরো সাউথওয়েস্টের আসন্ন প্রাদেশিক উপনির্বাচনে অন্টারিও প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টির প্রার্থী মনোনীত হলেন ডা. এএসএম নূরুল্লাহ তরুন। বৃহস্পতিবার ৯ জুলাই স্কারবরোর ৪৬৮ ড্যানফোর্থ রোডে অনুষ্ঠিত দলীয় মনোনয়ন ভোটে তিনি বিপুল ভোটে বিজয়ী হন। এর মধ্য দিয়ে স্কারবরো সাউথওয়েস্ট উপনির্বাচনে পিসি পার্টির প্রার্থী বাছাই নিয়ে চলমান অপেক্ষার অবসান হলো।

প্রাদেশিক মনোনয়ন কমিটির অনুমোদনক্রমে এই ভোটে অংশ নেন আয়েশা সরদার, গাজী সিজান এবং ডা. এএসএম তরুন। মনোনয়ন সভায় প্রার্থীদের বক্তব্যের পর বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। রাত ১০টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন নোমিনেশন কমিটির চেয়ার এবং পার্টির নির্বাহী পরিচালক মেলানি ক্যালান্ড্রা (Melanie Calandra)।

ফলাফল ঘোষণার পর ভোটকেন্দ্রে ডা. তরুনের সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। মুহূর্তেই হলরুম আনন্দ, করতালি ও অভিনন্দনের আবহে ভরে ওঠে। অনেকের চোখে ছিল আনন্দাশ্রু। দীর্ঘদিনের প্রস্তুতি, যোগাযোগ ও প্রত্যাশার পর এই জয়কে তাঁরা শুধু একজন প্রার্থীর বিজয় হিসেবে নয়, কমিউনিটির মূলধারার রাজনীতিতে আরেক ধাপ এগিয়ে যাওয়ার মুহূর্ত হিসেবে দেখছিলেন। বিজয়ী ভাষণে ডা. তরুন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই কৃতিত্ব তাঁর একার নয়; এটি স্বেচ্ছাসেবক, সমর্থক এবং কমিউনিটির সেই নিরলস কর্মীদের, যাঁরা দীর্ঘদিন ধরে এ দিনের অপেক্ষায় ছিলেন।

এ নির্বাচনে মোট নিবন্ধিত ভোটার ছিলেন ১,৯১৫ জন। বেসরকারি সূত্রে জানা যায়, নির্বাচনে ভোট প্রদান করেন ৮২২ জন। এর মধ্যে ডা. তরুন ৬২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আয়েশা সরদার পেয়েছেন ১৫৯ ভোট। গাজী সিজান পেয়েছেন ২৭ ভোট। আর ৯টি ব্যালট বাতিল করা হয়েছে।

এই জয়ের ফলে ডা. তরুন এখন আসন্ন উপনির্বাচনে পিসি পার্টির আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে এনডিপি প্রার্থী ফাতিমা শাবান, লিবারেল প্রার্থী আহসানুল হাফিজ এবং অন্যান্য দলের প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামবেন। ডলি বেগম প্রাদেশিক আসন ছেড়ে ফেডারেল রাজনীতিতে যাওয়ার পর স্কারবরো সাউথওয়েস্ট আসনটি শূন্য হয়। নিয়ম অনুযায়ী, উপনির্বাচনের রিট ৩ আগস্ট ২০২৬-এর মধ্যে জারি করতে হবে এবং রিট জারির পর ৩৬ দিনের বেশি দেরি না করে ভোটের দিন নির্ধারণ করতে হবে।

ডা. তরুনের এই মনোনয়ন জয় শুধু একটি দলীয় সিদ্ধান্ত নয়; এটি স্কারবরো সাউথওয়েস্টের নির্বাচনী সমীকরণেও নতুন মাত্রা যোগ করল। ২০২৫ সালের ফেডারেল নির্বাচনে তিনি কনজারভেটিভ পার্টি অব কানাডার প্রার্থী হিসেবে একই এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ১৬ হাজার ৬৬৫ ভোট পান।

পেশায় চিকিৎসক ডা. তরুন দীর্ঘদিন ধরে স্কারবরো সাউথওয়েস্ট এবং গ্রেটার টরন্টো এরিয়ার মানুষের সেবায় যুক্ত। চিকিৎসা পেশার পাশাপাশি তিনি কমিউনিটি সংগঠক হিসেবেও পরিচিত। বাংলাদেশি কানাডিয়ানদের একটি অংশের কাছে তাঁর এই বিজয় মূলধারার রাজনীতিতে অংশগ্রহণের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তবে সামনে তাঁর জন্য অপেক্ষা করছে আরও বড় রাজনৈতিক পরীক্ষা। স্কারবরো সাউথওয়েস্ট দীর্ঘদিন ধরে এনডিপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। লিবারেলরাও এই আসনে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে। ফলে পিসি প্রার্থী হিসেবে ডা. তরুনকে শুধু দলীয় ভোট ধরে রাখলেই চলবে না; তাঁকে অভিবাসী ভোটার, পেশাজীবী শ্রেণি, নতুন প্রজন্ম এবং বৃহত্তর স্থানীয় সমাজের কাছেও গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে।

এনএন/ ১০ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language