হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদের আইনি ভিত্তি পেল ধর্ম মন্ত্রণালয়

ঢাকা, ২৪ আগস্ট – হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ প্রদানের ক্ষেত্রে আইনি ভিত্তি পেয়েছে ধর্ম মন্ত্রণালয়। সরকারের রুলস অব বিজনেস, ১৯৯৬ সংশোধন করে এই সংক্রান্ত দায়িত্ব ধর্ম মন্ত্রণালয়ের কার্যপরিধিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। রবিবার এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয় এবং একই দিনে তা গেজেট আকারে প্রকাশিত হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি রুলস অব বিজনেস, ১৯৯৬ এর সংশ্লিষ্ট বিধান সংশোধন করেছেন। গত ১৯ আগস্ট জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে হালাল মান ও সনদ সংক্রান্ত বিষয়াদি ধর্ম মন্ত্রণালয়ের ওপর অর্পণ করা হয়েছে।
এই সংশোধনের মাধ্যমে রুলস অব বিজনেসের সিডিউল এক এ বর্ণিত মন্ত্রণালয় ও বিভাগসমূহের দায়িত্ব বণ্টন তালিকায় ধর্ম মন্ত্রণালয়ের কাজের পরিধি বাড়ানো হয়েছে। নির্দিষ্টভাবে ৩৪ নম্বর অনুচ্ছেদে মিনিস্ট্রি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স শিরোনামের অধীনে ২২ নম্বর আইটেমের পর নতুন আইটেম ২৩ সংযোজন করা হয়েছে।
নতুন যুক্ত হওয়া আইটেমে বলা হয়েছে ম্যাটার্স রিলেটিং টু হালাল স্ট্যান্ডার্ড অ্যান্ড সার্টিফিকেশন। এর ফলে এখন থেকে হালাল পণ্যের মানদণ্ড নির্ধারণ এবং সনদ প্রদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ধর্ম মন্ত্রণালয়ের প্রশাসনিক দায়িত্বের মধ্যে চলে এলো। প্রজ্ঞাপন অনুযায়ী এই সংশোধন অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এতদিন ধরে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে থাকা ইসলামিক ফাউন্ডেশন বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের জন্য হালাল সনদ প্রদানের কার্যক্রম পরিচালনা করে আসছিল।
তবে এই কার্যক্রমের আইনগত ভিত্তি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিয়ে বিভিন্ন সময় বিতর্ক তৈরি হয়েছিল। নতুন এই সংশোধনের ফলে হালাল পণ্যের মান নিয়ন্ত্রণ এবং সনদ প্রদানের বিষয়টি সরকারের কার্যবণ্টন কাঠামোয় স্পষ্টভাবে যুক্ত হলো। এতে করে দেশে হালাল পণ্য ও সেবার মান নিশ্চিতে ধর্ম মন্ত্রণালয়ের আইনি অধিকার সুপ্রতিষ্ঠিত হলো।
এস এম/ ২৪ আগস্ট ২০২৬









