কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর মরদেহ সিলেটে পৌঁছেছে

সিলেট, ৩০ জুন – কাতারের শাহানিয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো সিলেটের ৫ প্রবাসীর মরদেহ কফিনবন্দি হয়ে দেশে পৌঁছেছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে মঙ্গলবার সকালে মরদেহগুলো সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
সকাল পৌনে সাতটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২২৬ ফ্লাইটে করে প্রবাসীদের মরদেহ সিলেটে আনা হয়। বিমানবন্দরে আগে থেকেই নিহতদের স্বজনরা উপস্থিত ছিলেন। কফিনগুলো বের হওয়ার পর সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয় এবং স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নিহতদের স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করে। এসময় সরকারের পক্ষ থেকে স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। বিমানবন্দর থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো তাদের নিজ বাড়ি সিলেটের কানাইঘাটে পাঠানো হয়।
সেখানে জানাজা ও যথাযথ আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে। গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোট ছয়জন নিহত হন।
নিহতদের মধ্যে পাঁচজনই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা ছিলেন। তারা হলেন ঝিংগাবাড়ী ইউনিয়নের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের জসিম উদ্দিন, আগতালুক গ্রামের মস্তাক আহমদ ও জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের কাদের আহমদ।
এস এম/ ৩০ জুন ২০২৬









