সিলেট

সিলেটের সাদাপাথরে গোসল করতে নেমে পর্যটকের প্রাণহানি

সিলেট, ১৫ আগস্ট – সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্রে গোসল করতে নেমে মাইনুল ইসলাম রিফাত নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা এবং নবীনগর সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।

তার বাবার নাম হাতিম মিয়া। পুলিশ ও প্রত্যক্ষদর্শী বন্ধুদের সূত্রে জানা গেছে, রিফাত তার চার বন্ধুর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথরে বেড়াতে এসেছিলেন। শনিবার সকাল ১১টার দিকে তারা পর্যটন কেন্দ্রে পৌঁছে সবাই মিলে নদীতে গোসল করতে নামেন।

গোসলের এক পর্যায়ে নদীর তীব্র স্রোতের টানে রিফাত হঠাৎ পানিতে তলিয়ে যান। বেশ কিছুক্ষণ নিখোঁজ থাকার পর স্থানীয়দের সহায়তায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে নিহতের পরিবারের সদস্যদের সংবাদটি জানানো হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

এস এম/ ১৫ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language