সিলেটে দম্পতির দাফন সম্পন্ন, খুনের ঘটনায় গ্রেফতারকৃত আসামি কারাগারে

সিলেট, ১৪ আগস্ট – সিলেট নগরীর রায়নগরে নিজ বাসায় নৃশংসভাবে খুন হওয়া ব্যবসায়ী আব্দুস সাত্তার ও তার স্ত্রী সুরাইয়া বেগমের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ আসর নগরীর শাহী ঈদগাহ ময়দানে জানাজা শেষে হযরত মানিক পীর (রহ.) মাজার সংলগ্ন কবরস্থানে তাদের সমাহিত করা হয়।
জানাজার প্রাক্কালে দম্পতির একমাত্র ছেলে আরিফ ইফতেখার উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি তার বাবার কোনো ভুলত্রুটি থাকলে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং কোনো পাওনাদার থাকলে তার সাথে যোগাযোগের অনুরোধ জানান।
এই দম্পতির জানাজায় অংশ নিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে তাদের একমাত্র ছেলে ও তিন মেয়ে ইতোমধ্যে দেশে ফিরেছেন।
উল্লেখ্য যে, গত বুধবার সকালে রায়নগরের বাসা থেকে আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং তাদের গৃহকর্মী তাহমিনার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। গৃহকর্মী তাহমিনাকে বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজারে তার নিজ এলাকায় দাফন করা হয়েছে।
এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ বাবুল মিয়া নামের একজনকে গ্রেফতার করেছে। সিসিটিভি ফুটেজের সহায়তায় তাকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের দাবি, গৃহকর্মী তাহমিনার সাথে সম্পর্কের টানাপোড়েন থেকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পুলিশ ঘটনাস্থলের পাশের একটি ঝোপ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে।
এনএন/ ১৪ আগস্ট ২০২৬









