সিলেট

উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি

সিলেট, ১২ আগস্ট – দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাত বাড়ার পাশাপাশি নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বুধবার ১২ আগস্ট পানি উন্নয়ন বোর্ডের পাউবো বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এই তথ্য জানানো হয়। বর্তমানে দেশের দুটি নদীর দুটি স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর মধ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী এবং হবিগঞ্জের বাপ্পায় খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপরে অবস্থান করছে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী তিন দিন দেশের অভ্যন্তরে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন উজান এলাকায় মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

একই সাথে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে যা আরও ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাউবোর তথ্যমতে গত ২৪ ঘণ্টায় মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। খোয়াই নদীর পানি আগামী এক দিন স্থিতিশীল থাকার পর পরবর্তী দুই দিন কমতে পারে।

অন্যদিকে মনু ও ধলাই নদীর পানি এক দিন বেড়ে পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী, হালদা ও সাঙ্গু নদীর পানি বাড়লেও মাতামুহুরী নদীর পানি কমেছে। এসব নদীর পানি আগামী এক দিন বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে।

তবে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস পাওয়ার প্রবণতা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে। ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানিও কমছে যা আগামী পাঁচ দিন অব্যাহত থাকবে। অন্যদিকে গঙ্গা ও পদ্মা নদীর পানি বাড়লেও তা বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পাউবো।

এস এম/ ১২ আগস্ট ২০২৬


Back to top button