হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খোলা হয়েছে: চলছে টাকা গণনা

সিলেট, ১৫ আগস্ট – সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগগুলো পুনরায় খোলা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দানবাক্সগুলোতে জমা হওয়া অর্থ গণনার কাজ শুরু হয়। এটি নিয়ে এবার তৃতীয় দফায় দানবাক্স খুলে টাকা গণনা করা হচ্ছে।
এর আগে গত ২২ জুন ও ১১ জুলাই জনসম্মুখে দানবাক্সের অর্থ গণনা করা হয়েছিল। জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে ৩টি বড় দানবাক্স ও ৩টি দানের ডেগের সিলগালা খোলার কাজ শুরু হয়। এরপর সকাল সাড়ে ১০টা থেকে অন্তত ৩০ জন স্বেচ্ছাসেবী মিলে টাকা গণনার কাজ শুরু করেন।
সংশ্লিষ্টদের মতে এবার আগের দুইবারের তুলনায় দানবাক্সে অনেক বেশি অর্থ পাওয়া গেছে। দীর্ঘ ১ মাস ৪ দিন পর এই দানবাক্সগুলো খোলা হলো। টাকা গণনার কাজ শেষ হতে সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে বলে জানানো হয়েছে। মাজারে আগত দর্শনার্থী ও ভক্তদের দেওয়া এই অর্থ মাজারের উন্নয়ন ও আনুষঙ্গিক কাজে ব্যবহার করা হয়।
এস এম/ ১৫ আগস্ট ২০২৬









