সিলেটে এক বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার

সিলেট, ১২ আগস্ট – সিলেট নগরীর একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে ওই বাসার বাসিন্দা হাজি আব্দুস সাত্তার মিয়া ও তার স্ত্রীর পরিচয় পাওয়া গেছে।
তবে নিহত অপর নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ১১১ নম্বর বাসার ভেতরে তিনজনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
স্থানীয়দের মতে হাজি আব্দুস সাত্তার মিয়া ওই এলাকায় একজন প্রবীণ ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তবে কী কারণে এই নৃসংস হত্যাকাণ্ড ঘটেছে বা কারা এর সঙ্গে জড়িত সে বিষয়ে কেউ কোনো তথ্য দিতে পারেননি। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান যে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনটি মরদেহ দেখতে পায়। বর্তমানে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু হয়েছে। সিআইডি ও পিবিআইয়ের ফরেনসিক টিম আলামত সংগ্রহের জন্য কাজ করছে।
এস এম/ ১২ আগস্ট ২০২৬









