সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১২২

সিলেট, ৭ আগস্ট – সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে বিভাগে হাম বা হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২২ জনে দাঁড়িয়েছে।
সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকালের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে এই দুই শিশুর মৃত্যু হয়। মারা যাওয়া শিশুদের মধ্যে সিলেট সদর উপজেলার নুরুল আমিনের ছেলে ইয়ামিনের বয়স ছিল এক বছর পাঁচ মাস। অপর শিশুটি হবিগঞ্জের বাহুবল উপজেলার আব্দুল মুনিবের আট মাস বয়সী মেয়ে আনিসা।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৯৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৩ জন রোগী।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সিলেটে এ পর্যন্ত মৃতদের মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ছয়জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল। বাকি ১১৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে ল্যাবরেটরি পরীক্ষায় মোট ৭৮৮ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
এনএন/ ৭ আগস্ট ২০২৬









