জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের কর্মসংস্থানে রিকশা উপহার দিলেন তারেক রহমান

ঢাকা, ৮ আগস্ট – জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী দুই যোদ্ধা এবং এক অসহায় বৃদ্ধের আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহের লক্ষে উপহার সামগ্রী প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একটি সিএনজিচালিত অটোরিকশা, দুটি প্যাডেলচালিত রিকশা এবং দুটি ব্যাটারিচালিত অটোরিকশা হস্তান্তর করেন।
উপহার প্রাপ্তদের মধ্যে রয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার মোহাম্মদ আজিজ শেখ। তিনি মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। জুলাই গণঅভ্যুত্থানের সময় মিরপুর ১০ এলাকায় আন্দোলনে অংশ নিয়ে আজিজ শেখ গুলিবিদ্ধ হন এবং তার শরীরে ৩৬টি স্প্লিন্টার বিদ্ধ হয়।
উপহার প্রদানের সময় প্রধানমন্ত্রী তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার বিষয়ে উৎসাহ প্রদান করেন। অন্যদিকে কুষ্টিয়ার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা মো. গফফারকে দুটি প্যাডেলচালিত রিকশা দেওয়া হয়। আন্দোলনের সময় তিনি রাজধানীর মহাখালী এলাকায় বিক্ষোভকারীদের পানি সরবরাহসহ নিজের রিকশায় করে আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজ করেছিলেন।
এছাড়া বগুড়ার গাবতলী উপজেলার ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকে তার জীবনযাপনের কষ্ট লাঘবে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রত্যেকের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপির সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
এস এম/ ৮ আগস্ট ২০২৬









