ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করল রিয়াদ এয়ার

ঢাকা, ৮ আগস্ট – সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা রিয়াদ এয়ার আনুষ্ঠানিকভাবে ঢাকা ও রিয়াদের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে। শনিবার সকাল সাড়ে ৬টায় রিয়াদ থেকে আসা প্রথম বাণিজ্যিক ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানটিকে বিমানবন্দরে অবতরণের পর ঐতিহ্যবাহী ওয়াটার স্যালুটের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ এবং রিয়াদ এয়ারের চিফ কমার্শিয়াল অফিসার ভিন্সেন্ট কোস্টা বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, সৌদি আরবকে বিশ্বের প্রধান শহরগুলোর সঙ্গে যুক্ত করার পাশাপাশি যাত্রীদের বিশ্বমানের ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করাই রিয়াদ এয়ারের মূল লক্ষ্য। নতুন এই সার্ভিসটি ঢাকা ও রিয়াদের মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করবে।
এই রুটটি বাণিজ্যিক ও অবকাশ যাপনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিশেষ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। রিয়াদ এয়ার প্রতিদিন তাদের অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার বিমানের মাধ্যমে এই রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে।
ফ্লাইটের সময়সূচি অনুযায়ী রিয়াদ থেকে রাত ৯টা ২০ মিনিটে বিমানটি যাত্রা শুরু করে পরদিন সকাল ৬টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে ঢাকা থেকে সকাল ৭টা ৪০ মিনিটে ছেড়ে গিয়ে বিমানটি সৌদি আরবের স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে রিয়াদ পৌঁছাবে।
এস এম/ ৮ আগস্ট ২০২৬









